সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগ এবং জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।

রাজধানীর মিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগ এবং জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। সোমবার (৫ জুন) পুলিশ বাদী হয়ে কাফরুল থানায় মামলা দুটি দায়ের করে।
জানা গেছে, একটি মামলা ডিজিটাল সিকিউরিটি আইনে হয়েছে। এ মামলার আসামি হাফিজ সিরাজী। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে। আরেকটি মামলা পুলিশের কাজে বাধা দেওয়া অভিযোগে করা হয়েছে। এ মামলায় সহস্রাধিক অজ্ঞাত নাম-পরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।
তিনি ঢাকা পোস্টকে বলেন, গতকালের ঘটনায় পুলিশ বাদী দুটি মামলা করেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছেন।
ধর্মীয় উস্কানির অভিযোগ তুলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনো মতাদর্শ কাজ করেছে কি-না তাও খতিয়ে দেখা হবে।
রাজধানীর মিরপুর-১৩ নম্বরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। ফেসবুকে ধর্মীয় কটূক্তিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রোববার (৪ জুন) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এক ব্যক্তি ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট করেন। এ পোস্ট ছড়িয়ে পরলে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গের সংঘর্ষ হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন নিশ্চিত করে বলেন, পুলিশ তাকে আটক করে। স্থানীয়রা বিক্ষুব্ধ হয়েছে। তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি পোস্ট দেওয়ার পর স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। এরপর স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।