শরীয়তপুরে ৪তলা থেকে পড়ে দুই শ্রমিক আহত, প্রশ্নে কিশোর শ্রম

শরীয়তপুরে ৪তলা থেকে পড়ে দুই শ্রমিক আহত, প্রশ্নে কিশোর শ্রম
মোঃমতিউর রহমান-
শরীয়তপুর পৌর এলাকার ধানুকা এলাকায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবনে কাজ করার সময় চারতলা থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে পুরাতন এসপি অফিসের পেছনে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হাসপাতালে গিয়ে দেখা যায়, আহতদের একজন কিশোর শ্রমিক রিফাত (১৫)। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন। অপর আহত ব্যক্তি রাজমিস্ত্রী বাবুল (৪০)। তাঁদের উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক আকরাম এলাহী বলেন, চারতলা থেকে পড়ে আহত দুই শ্রমিক বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও তাঁদের আঘাত গুরুতর। হাসপাতাল সূত্রে জানা যায়, কিশোর শ্রমিক রিফাতের মাথায় আঘাত লেগেছে এবং তিনি রক্তবমি করেছেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নির্মাণস্থলে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের কাজ করানো হচ্ছিল। সেখানে হেলমেট, সেফটি বেল্ট বা সুরক্ষা জালের কোনো ব্যবস্থা ছিল না।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহলের প্রশ্ন, নির্মাণকাজে নিরাপত্তা সংক্রান্ত আইন কতটা মানা হচ্ছে। দেশে প্রচলিত শ্রম আইন অনুযায়ী, নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা মালিক বা ঠিকাদারের দায়িত্ব। একই সঙ্গে কিশোর শ্রমিক নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. ওয়াহিদ হোসেন বলেন, ভবনটির অনুমোদনের বিষয়টি জানতে পৌরসভার প্রকৌশল শাখার সঙ্গে কথা বলতে হবে। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখতে নির্মাণস্থলে লোক পাঠানো হবে এবং পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।