উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে দুর্ঘটনা, হতাহতের আশঙ্কা
তানভীর খানঃ স্টাফ রিপোর্টার ঢাকা
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা সেক্টর-১১ এর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বিমান বাহিনীর একটি এফ-৭ বিজি আই প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই তা দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “দুপুর ১টা ১৮ মিনিটে আমরা খবর পাই যে একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ এলাকায় বিধ্বস্ত হয়েছে। আমাদের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে তবে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম বলেন, “আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি, বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছি।”
এদিকে দুর্ঘটনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায়, দুর্ঘটনাস্থলের আশপাশে জনসাধারণ আতঙ্কিত হয়ে ছুটাছুটি করছে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বা বিমানটির পাইলটদের অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।